মাটির স্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে দিনাজপুরের খানসামায় ভার্মিকম্পোস্ট প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ভাবকী ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি ‘দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রদর্শনী প্লটটি স্থাপন করা হয়েছে মুন্সিপাড়া গ্রামের তরুণ কৃষক জুনাইদ ইসলাম (২৩)-এর জমিতে। অল্প বয়সেই আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণ করে তিনি এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার জমিতে কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট ব্যবহার করে ফসলের আশানুরূপ বৃদ্ধি ও মাটির গুণগত মান উন্নত হতে দেখে আশপাশের কৃষকদের মধ্যেও নতুন আগ্রহ তৈরি হয়েছে।
কৃষক জুনাইদ ইসলাম জানান, "আমার কাছে বর্তমানে প্রায় ৭০–৮০ কেজি কেঁচো রয়েছে। প্রতি মাসে প্রায় ৪,০০০ কেজি ভার্মিকম্পোস্ট উৎপাদন হয়। আমরা প্রতি কেজি ১২ টাকা দরে সার বিক্রি করি, যা থেকে মাসে ১৫–২০ হাজার টাকা আয়ের সুযোগ হচ্ছে। এর পাশাপাশি ফসলের উৎপাদন ভালো হচ্ছে এবং চাষের খরচও কমে যাচ্ছে।" তার এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন ভার্মিকম্পোস্ট উৎপাদনে অনুপ্রাণিত হচ্ছেন।
মাঠ দিবসে ‘মাটির স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তি’ বিষয়ক সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার। তিনি কৃষকদের সহজ ভাষায় বাড়িতেই কম খরচে ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতি এবং এর সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা দেন। তিনি বলেন, "অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার মাটির স্বাভাবিক উর্বরতা নষ্ট করে। জৈব সার ব্যবহারে মাটির গঠন উন্নত হয়, পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং দীর্ঘমেয়াদে ফসলের উৎপাদন স্থিতিশীল থাকে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবু জাফর মোহাম্মদ সাদেক এবং টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক কৃষিবিদ আবুরেজা মো. আসাদুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল মুক্তাদির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, পল্লী উন্নয়ন সঞ্চয় কর্মকর্তা আতোয়ার রহমান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
প্রদর্শনীতে স্থানীয় কৃষক-কৃষাণী ও ভাবকী টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপের সদস্যরা অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, তারা নিজেরাও এখন বাড়িতে ভার্মিকম্পোস্ট তৈরি ও ব্যবহারে আগ্রহী।
উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, খানসামায় পর্যায়ক্রমে আরও প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ করা হবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্য রক্ষা পাবে এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হবে।
এনআই