কুড়িগ্রামের উলিপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের চেষ্টাকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মাহমুদুল হাসান বাবুকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মুসল্লীপাড়া আশ্রয়ণ প্রকল্পে মৃত নাইবালীর স্ত্রী মনোয়ারা বেগম ও শামসুল হকের স্ত্রী মোমেলা বেগম দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি ওই দুটি ঘর নিজের দাবি করেন মাহমুদুল হাসান বাবু। বিষয়টি নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, শুক্রবার বিকেলে মাহমুদুল হাসান বাবু ও তাঁর ছেলে হারুন দেশীয় অস্ত্র নিয়ে আশ্রয়ণ প্রকল্প এলাকায় গিয়ে হামলার চেষ্টা করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাটি জানতে পারে।
অভিযোগের ভিত্তিতে নামাজের চর পুলিশ ফাঁড়ির একটি দল শনিবার সকালে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান বাবুকে একটি কুড়ালসহ গ্রেপ্তার করে। পরে তাঁকে উলিপুর থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাহমুদুল হাসান বাবুর বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাঁর ছেলে হারুন পলাতক।
ভুক্তভোগী মনোয়ারা বেগম ও মোমেলা বেগম বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করছেন। হঠাৎ করে বাবু ওই ঘর নিজের দাবি করে সরে যেতে বলেন এবং অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন।
নামাজের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ইখা