পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ জন ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।
অভিযানকালে মুদি, ফল, মাছ, মুরগি ও সবজি দোকান তদারকি করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করায় নুরুল আমিন, মো. রফিক, শাহ আলম শেখ, মো. হাবিবুল্লাহ ও রতন শেখকে প্রত্যেককে ২ হাজার টাকা করে এবং মো. জাহিদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে জেল-জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, রমজান মাসে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম মাসজুড়ে অব্যাহত থাকবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি ঠেকাতে এই তদারকি জোরদার করা হয়েছে।
এসআর