দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেছেন, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ছয় মাসের মধ্যেই পর্যাপ্ত চিকিৎসক পদায়নের ব্যবস্থা করা হবে এবং জয়ন্তিয়া ঘাটের ব্রিজের নির্মাণকাজও দ্রুত সম্পন্ন করা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সাফল্য কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, “নির্বাচনের আগে প্রায় ১৫০ দিন মাঠে ছিলাম। সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরও অনেকের কাছে যাওয়া সম্ভব হয়নি। এখন নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও সাধারণ মানুষের নানা দাবি-দাওয়া নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে।”
তিনি বলেন, জনগণের চাহিদা পূরণই এখন তাঁর প্রধান দায়িত্ব। কেউ রাস্তা চান, কেউ ব্রিজ চান, আবার কেউ স্বাস্থ্যসেবার উন্নয়ন চান। ইতোমধ্যে সংসদের ৭১ বিধির প্রশ্নোত্তর সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র হাতে এসেছে বলেও জানান তিনি।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “জয়ন্তিয়া ঘাটের ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, যেন ছয় মাসের মধ্যে ব্রিজটির কাজ সম্পন্ন করা হয়। এটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।”
স্বাস্থ্যখাতের বিষয়ে তিনি জানান, খানসামা হাসপাতালের অবকাঠামোগত কাজ অনেকটাই এগিয়েছে। ঢাকায় গিয়ে মহাপরিচালক ও সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। লক্ষ্য হলো—ছয় মাসের মধ্যেই এখানে ডাক্তার নিশ্চিত করা।
আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, বিএনপি নেতা সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, খামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. ওবায়দুর রহমান ও শরিফুল ইসলাম প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এনআই