বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে তেলুগু রীতিতে বিয়ের পর ভক্তদের সঙ্গে বিয়ের প্রথম ঝলক ভাগ করে নিয়েছে এই নবদম্পতি।
ছবিতে এই ‘বিরোশ’ জুটির দক্ষিণী-রাজকীয় সাজ ও আবেগঘন উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। বিজয় দেবরাকোন্ডা পরেছেন সাদা ধুতি ও লাল রঙের জমকালো উত্তরীয়, সাথে ছিল সোনার গয়না।
অন্যদিকে রাশমিকা বেছে নিয়েছেন লাল টুকটুকে রঙের শাড়ি ও কপালে নজরকাড়া সোনার টায়রা। এছাড়া কুনজর থেকে বাঁচাতে দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী রাশমিকা ও বিজয়- দুজনের গালে আঁকা ছিল একটি কালো তিল।
বিয়ের ছবি পোস্ট করে রাশমিকা তার ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে জানাচ্ছি, এ হলেন আমার স্বামী বিজয় দেবেরাকোন্ডা। এই মানুষটি আমাকে সত্যিকারের ভালোবাসার অনুভূতি শিখিয়েছেন। শান্তি কাকে বলে বুঝিয়েছেন। প্রতিদিন তিনি আমাকে বলেছেন, বড় স্বপ্ন দেখা স্বাভাবিক। আমি যা ভাবি, তার চেয়েও বেশি কিছু অর্জনের সামর্থ্য আমার আছে।’
রাশমিকা আরও লেখেন, ‘তিনি কখনও আমাকে থামাননি, কেউ দেখছে না, নাচতে হবে না এমনটা ভেবে। তিনি দেখিয়েছেন, বন্ধুদের সঙ্গে ভ্রমণ জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। বিশ্বাস করুন, এই মানুষটিকে নিয়ে আমি একটি বই লিখতে পারি।’
অন্যদিকে বিয়ের ছবি শেয়ার করে অভিনেতা বিজয় দেবরাকোন্ডাও তার মনের অনুভূতি প্রকাশ করেছেন। লেখেন, আমি বুঝেছি আমার ওকে দরকার। ও পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে বিজয় প্রসঙ্গে কথা উঠলে রাশমিকা এড়িয়ে গেলেও বিয়ের দিনে মনের সব কথা উজাড় করেন তিনি। ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর থেকেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়।
ভক্তদের কাছে এই জুটি ‘বিরোশ’ নামে ব্যাপক জনপ্রিয়।তাদের দুই পরিবারের উপস্থিতিতে তেলুগু রীতির পাশাপাশি কনের ঐতিহ্য মেনে কর্ণাটকের কোডাভা রীতিতেও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। বর্তমানে এই নব দম্পতির বিয়ের ছবিগুলো ইন্টারনেটে ভাইরাল।
আরএ/এইচএ