টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে শামছুল খান নামের এক ব্যক্তির বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মীরনগর এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ঘর থেকে আগুনের শিখা দেখতে পান প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ঘরের ভেতরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানবেতর অবস্থায় রয়েছে।
নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে অগ্নিকাণ্ড এড়াতে বিশেষ করে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অনয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়েনি বলেও তিনি জানান।
ইখা