ময়মনসিংহের ফুলপুরে ফিশারির পানিতে তলিয়ে গেছে কৃষক আল আমিনের স্বপ্ন।
বৃহস্পতিবার(২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামে এক মাছ চাষির খামারের পানি পাশের জমিতে ছেড়ে দেওয়ার ফলে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় মাছ চাষি সারোয়ার গত বৃহস্পতিবার রাতে তাঁর ফিশারির পানি পাশের ধানক্ষেতে ছেড়ে দেন। এতে পার্শ্ববর্তী জমির কৃষক আল আমিনের ৩৮ শতাংশ জমিতে চাষ করা শসা ও টমেটো ক্ষেত সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। ফলে জমির ফসলগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং চরম বিপাকে পড়েছেন ওই কৃষক।
ভুক্তভোগী আল আমিন জানান, ধারদেনা করে আবাদ করা শসা ও টমেটো ক্ষেতগুলো পানিতে তলিয়ে যাওয়ায় তাঁর প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে তিনি দিশেহারা।
এ বিষয়ে প্রতিকার ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ পেতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মৎস্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
এনআই