বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন ‘এসপাইডেস’-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বর্তমানে হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।
বিশ্বের মোট তেল রপ্তানির একটি বিশাল অংশ এই সরু সামুদ্রিক পথ দিয়ে সম্পন্ন হয়। পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশ—সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এই রুট ব্যবহার করেই বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ করে। ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করা এই কৌশলগত পথটি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে ওই ইইউ কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের বিষয়ে কোনো লিখিত আন্তর্জাতিক নোটিশ বা ডিক্রি জারি করেনি। কেবল মাঠপর্যায়ে জাহাজ চলাচলে বাধা প্রদান ও মৌখিক বার্তার মাধ্যমে এই অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে।
উল্লেখ্য, ইরান দীর্ঘ সময় ধরে হুঁশিয়ারি দিয়ে আসছিল যে, তাদের ওপর কোনো ধরনের বিদেশি সামরিক হামলা বা বড় ধরনের উসকানি আসলে তারা পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আজ সকালে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরের পরপরই তেহরান এই কঠোর পদক্ষেপ নিল বলে ধারণা করা হচ্ছে।
এনআই