কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল (টার্মিনাল-১) সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে।
কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী একজন বাংলাদেশি কর্মী এই হামলায় আহত হয়েছেন। তিনি স্থানীয় ‘ওয়ায়েল আল নসিব’ কোম্পানিতে এয়ারপোর্ট ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। দূতাবাস থেকে তাঁর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি এক বিবৃতিতে জানান, ড্রোনটি বিমানবন্দর লক্ষ্য করে আঘাত হানার পরপরই দ্রুত জরুরি প্রটোকল কার্যকর করা হয় এবং পুরো এলাকাটি নিরাপদ ঘোষণা করা হয়। বর্তমানে বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করার কাজ চলছে।
সবশেষ খবর অনুযায়ী, পরিস্থিতি এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কুয়েত সরকার জানিয়েছে, এই হামলা সংক্রান্ত যেকোনো নতুন তথ্য নিয়মিতভাবে সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হবে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে কুয়েত বিমানবন্দরে এই ড্রোন হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
এনআই