গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের নিজ বাড়ি থেকে শামসুন্নাহার রুমা (৪৫) নামের এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকায় তাঁর মরদেহটি পাওয়া যায়।
নিহত শামসুন্নাহার রুমা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চণ্ডিপুর তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের ছোলাইমান মাস্টারের মেয়ে।
স্বজনরা জানান, আজ সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁর শয়নকক্ষের দরজা খোলা হয়। এসময় মেঝেতে ওড়না প্যাঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। একই সঙ্গে ঘরের ভেতরের আসবাবপত্র তছনছ অবস্থায় ছিল। রুমার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। স্বজনদের ধারণা, কে বা কারা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। এর আগেও রুমার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে তাঁরা দাবি করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "খবর পেয়ে শামসুন্নাহার রুমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত শুরু হয়েছে।"
মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এনআই