এইমাত্র
  • ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত, মরদেহ উদ্ধারের দাবি
  • বিশ্ব তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিল ইরান
  • ইরানে হামলা ‘অবৈধ’: মার্কিন সিনেটর
  • যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের নিন্দা জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের
  • দুবাইয়ে দফায় দফায় বিস্ফোরণ, আগুন
  • জর্ডানেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: আম্মানে ভবন ক্ষতিগ্রস্ত
  • আবুধাবি, দোহা ও মানামায় দফায় দফায় বিস্ফোরণ
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
  • হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
  • আজ রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ, হলুদের সমারোহে কৃষকের হাসি

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

    নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ, হলুদের সমারোহে কৃষকের হাসি

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ পিএম

    নড়াইলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে অধিক ফলন ও লাভ বেশি হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন এ জেলার কৃষকেরা। ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কারণে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় এর চাষ বাড়ছে বলে মনে করছে জেলা কৃষি বিভাগ।


    সরেজমিনে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া মাঠে গিয়ে দেখা যায়, যেদিকে চোখ যায় শুধু হলুদ গালিচার মতো সূর্যমুখী ফুলের খেত। চারিদিকে যেন হলুদের সমারোহ। ক্ষেতজুড়ে সূর্যমুখী বাগানের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন শত শত সৌন্দর্যপিপাসু মানুষ। প্রতিদিন বিকেলে মাঠে ঘুরতে ও সেলফি নিতে ভিড় করছেন তরুণ-তরুণীরা। কোথাও কোথাও সূর্যমুখী বাগানকে ঘিরে গড়ে উঠেছে ছোটখাটো বিনোদন কেন্দ্র।


    চাঁচড়া গাবতলা গ্রামের কৃষক আব্দুল্লাহ মোল্যা বলেন, "আমি ৩০ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছি। গাছে ফুলের অবস্থা দেখে ভালো ফলনের আশা করছি। সূর্যমুখীর তেল খেতে খুবই সুস্বাদু। অন্য কৃষকদের বলব, বীজ লাগানোর সময় দড়ি দিয়ে সারি করে লাগালে ফলন ভালো হয়।"


    একই গ্রামের কৃষক শহীদুল্লাহ জানান, নড়াইল কৃষি অফিস থেকে বীজ ও সার পেয়ে তিনি প্রথমবারের মতো ১২ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তিনি বলেন, "ফলন খুব ভালো হয়েছে। সরিষার তুলনায় সূর্যমুখীতে দ্বিগুণ লাভ করা যায়। স্থানীয় বাজারে তেল ভাঙানোর মেশিন থাকায় নিজেদের চাহিদা পূরণ করে বাড়তি তেল বাজারে বিক্রি করতে পারছি।"


    উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজীব বিশ্বাস জানান, গত বছরের তুলনায় এ বছর তুলারামপুর ইউনিয়নে সূর্যমুখীর আবাদ দ্বিগুণ হয়েছে। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ ও মনিটরিং অব্যাহত রয়েছে। এ বছর ‘বারি সূর্যমুখী-৩’ এবং হাইব্রিড জাত ‘হাইসান-৩৬’ বেশি চাষ হয়েছে। বারি সূর্যমুখী-৩ জাতের জীবনকাল কম, ফলন বেশি এবং গাছ তুলনামূলক খাটো। এছাড়া সূর্যমুখী কাটার পর একই জমিতে পাট চাষ করা যায়।


    তিনি আরও জানান, সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি ও কোলেস্টেরল কমাতে সহায়ক। স্বাস্থ্যগুণ ও রান্নার স্বাদ বাড়াতে এর ভূমিকা থাকায় মানুষের আগ্রহ বাড়ছে।


    স্থানীয় বাসিন্দা বাচ্চু মোল্লা জানান, চাষিদের সাফল্য দেখে আগামী বছর তিনি নিজের ৪০ শতক জমিতে সূর্যমুখী চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন।


    নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান বলেন, "নড়াইল সদরে সূর্যমুখীর আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রণোদনার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। গত বছর সদর উপজেলায় ৫৫ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছিল, এ বছর তা বেড়ে ৭৮ হেক্টরে দাঁড়িয়েছে। মাঠের অবস্থা দেখে এ বছর বাম্পার ফলনের আশা করছি।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…