আশুলিয়ায় বাংলাদেশ আন্তঃ জেলা মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের বৈধ কমিটি থাকা সত্ত্বেও বিলুপ্ত কমিটির সদস্যরা অবৈধ ক্ষমতা খাঁটিয়ে কার্যক্রমে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ইউনিয়নের বাইপাইল শাখার বর্তমান অনুমোদিত কমিটির কার্যক্রমে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিলুপ্ত কমিটির সদস্যরা।
বাইপাইল শাখার সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ (প্রিন্স) বলেন, আমাদের কমিটি বৈধভাবে দায়িত্ব পালন করছে। তারপরও বিলুপ্ত কমিটির লোকজন আমাদের কার্যক্রমে বাধা দিচ্ছে। তারা আমাদের কাছে চাঁদা দাবি করছে এবং নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছে।
শাখা সভাপতি সোহেল আহমেদ লিটন অভিযোগ করে বলেন, বিলুপ্ত কমিটির কিছু সদস্য অতীতে একাধিক হত্যা মামলার আসামিদের দিয়ে আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা বৈধ কমিটি হিসেবে শ্রমিকদের স্বার্থে কাজ করতে চাই এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে চাই।
ইউনিয়ন সূত্রে জানা যায়, শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় গত বছরের ১৪ ডিসেম্বর বিলুপ্ত কমিটিকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে নতুন কমিটি গঠন করে কার্যক্রম শুরু করা হয়। কিন্তু নতুন কমিটির কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাইপাইল (পূর্বপাড়া) শাখার সভাপতি মো. সোহেল আহমেদ লিটন ও সাধারণ সম্পাদক মো. সোহাগ আহমেদ (প্রিন্স)-এর নেতৃত্বাধীন কমিটিকেই বৈধ বলে নিশ্চিত করেন।
এসকে/আরআই