মুন্সীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সয়াবিন তেল বিক্রির দায়ে এক মুদি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরের বড় বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযান সূত্রে জানা যায়, বড় বাজার এলাকার ‘লিমন স্টোর’-এ বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এই অপরাধে দোকানমালিক মো. রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি বাজারের বিভিন্ন মুদি, সবজি, মাংস ও ফলের দোকানেও নিবিড় মনিটরিং করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রসিদ যাচাই করা হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন এবং বাধ্যতামূলকভাবে ক্রয় রসিদ সংরক্ষণের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনআই