চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাবেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাগিচাহাট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জাবেদ সাতবাড়িয়া এলাকার মো. রফিকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাবেদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বাগিচাহাটের দিকে যাচ্ছিলেন। পথে চট্টগ্রাম অভিমুখী ‘হানিফ এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাসের সাথে তাঁর মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাগিচাহাট এলাকার একটি বাঁকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বাইকআরোহী ব্যবসায়ী জাবেদ নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক ও সহযোগী কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
এনআই