নরসিংদী ও পাবনার ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে দেবদারু সড়ক ও ছাত্রী হল সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলটি কে আর মার্কেটে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায়ের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক জাবের ইসলামের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, "নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণের পর তার বাবার সামনে থেকে অপহরণ করে পুনরায় ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। এই ঘটনার বিচার চাইতে গেলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দিচ্ছেন। ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে অপরাধীদের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে।"
বক্তারা আরও উল্লেখ করেন, ঈশ্বরদীতে আরেক কিশোরীকে ধর্ষণ ও হত্যার পাশাপাশি তার বৃদ্ধ দাদিকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই দুই ঘটনা প্রমাণ করে যে, দেশে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতির ফল। আইনশৃঙ্খলা ব্যবস্থার দুর্বলতা এবং প্রভাবশালীদের আশ্রয়ে অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতাই এমন বর্বরতার পুনরাবৃত্তি ঘটাচ্ছে।
সভাপতির বক্তব্যে সঞ্জয় রায় বলেন, "সরকার পরিবর্তন হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির মৌলিক কোনো উন্নতি হয়নি। মূল্যবোধের অবক্ষয়, সামাজিক নিরাপত্তার ঘাটতি এবং আইন প্রয়োগকারী সংস্থার নিষ্ক্রিয়তা নারীদের চরম অনিরাপত্তার মধ্যে ঠেলে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন কিংবা গ্রাম-শহর কোথাও নারীর নিরাপত্তা নিশ্চিত নয়।"
তিনি আরও বলেন, "ধর্ষণ বিচারহীনতা ও সামাজিক অবক্ষয়ের এক নির্মম বহিঃপ্রকাশ। আমরা অবিলম্বে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে।"
এনআই