গত বৃহস্পতিবার বিয়ে করেছেন দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এরই মধ্যে বিয়ের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছে এই নবদম্পতির ভবিষ্যৎ পরিকল্পনা।
রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে সাতপাক ঘোরার পর মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। রাশমিকা জানিয়েছেন, সংসার ও সন্তান নিয়ে তিনি এখন থেকেই স্বপ্ন দেখছেন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন আভাস দেন রাশমিকা।
রাশমিকা জানান, শুধু একটি নয়, একাধিক সন্তানের মা হওয়ার পরিকল্পনা রয়েছে তার। সন্তান স্বামী ও স্ত্রীর মধ্যকার সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় ও শক্তিশালী করে তোলে। তাই মা হওয়ার স্বপ্ন দেখছি। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা আমার কাছে প্রথম এবং প্রধান গুরুত্ব পাবে।
তিনি জানান, মা হওয়ার পর তার কাছে সন্তানই হবে সবার আগে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তিনি প্রস্তুত। এমনকি প্রয়োজনে পেশাগত জীবনে ছাড় দিতেও পিছপা হবেন না।
গত ২৬ ফেব্রুয়ারি দুই রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল।
এরপর একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ। বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষের পর শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন বিজয়-রাশমিকা। এ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এইচএ