রমজান মাস উপলক্ষে সরকারি দপ্তরগুলোতে সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একটি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তাদের উপস্থিত না থাকার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস প্রধান নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিমসহ অধিকাংশ কর্মকর্তা তখনো উপস্থিত হননি। উপবিভাগীয় প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরাও অফিসে ছিলেন না। তবে অফিস সহকারীরা কক্ষের তালা খুলে বসে থাকতে দেখা যায়।
নির্বাহী প্রকৌশলীর অফিস সহকারী আহম্মাদ আলী জানান, তার ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো অফিসে আসেননি। এ সময় নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিমকে ভিডিও কলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আহসান উল্ল্যাহ মজুমদার সকাল ১০টা ৪৯ মিনিটে ভিডিও কলে জানান, তিনি নারায়ণগঞ্জ সওজের কাজের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে অবস্থান করছেন। এছাড়া ভিটিকান্দি সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী লিয়নসহ অন্যান্য সহকারী প্রকৌশলীদেরও অফিসে পাওয়া যায়নি।
অফিস সহকারীদের ভাষ্য, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন সাইট পরিদর্শনে রয়েছেন।
এদিকে অফিসের কার্যসহকারী ফরিদ উদ্দিন আহমেদ নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ১২ মিনিট পর, সকাল ১০টা ১২ মিনিটে অফিসে আসেন।
সরকারি পরিপত্র অনুযায়ী, রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলার কথা। এ সময়ের মধ্যে সকাল ৯টা ৪০ মিনিটের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ শুরু করার নির্দেশনা রয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকারি প্রতিটি দপ্তরে নতুন সময়সূচি সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। কেন কর্মকর্তারা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইখা