শরীয়তপুরের সখিপুর উপজেলার দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরিবার ও আত্মীয়স্বজনের সূত্রে জানা যায়, সৌদি আরব ও ওমানে কর্মরত ওই দুই প্রবাসী স্ট্রোক করে নিজ নিজ বাসস্থানে মারা যান।
মৃতদের একজন দক্ষিণ তারাবুনিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাচান দর্জির ছেলে ইয়াছিন দর্জি। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। বুধবার রাতে নিজ শয়নকক্ষে স্ট্রোক করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
অপরদিকে দক্ষিণ সখিপুর এলাকার বাসিন্দা লিখন মেহেদী বেপারী ওমানে কর্মরত ছিলেন। তিনিও নিজ বাসায় স্ট্রোক করে মারা যান বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
একই দিনে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ইখা