রাজধানীর তুরাগে একটি জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। অভিযানে প্রায় ২৫ লাখ টাকার জালনোট ও নোট তৈরির বিপুল সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) গভীররাতে তুরাগের ধলিপাড়া এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাইমুল ইসলাম ইশান (১৯) কেফায়েত উল্লাহ (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডলিপাড়া বাদলদী সাকিন হাউজে অভিযান চালিয়ে জালনোট তৈরির একটি মিনি কারখানার সন্ধান পাওয়া যায়।
অভিযানে উদ্ধার করা হয়, ২৫ লাখ ২ হাজার ৫০০ টাকা সমমূল্যের ৫০০ টাকার জাল নোট (মোট ৫,০০৫টি)। জাল নোট তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ ও ১টি প্রিন্টার। ২টি লেজার প্রিন্টিং ডায়েস। ৩টি স্মার্টফোন।
শুক্রবার (০৬ মার্চ) র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা একটি সংঘবদ্ধ জাল টাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য।
তিনি আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের জালনোট তৈরি করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ ও বিক্রি করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে র্যাব।
এসআর