কুড়িগ্রামের উলিপুরে গাঁজা সেবনের অপরাধে আলমগীর হোসেন (২৩) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করার পর এই দণ্ড প্রদান করা হয়। আলমগীর হোসেন ওই এলাকার সহিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বড়ুয়া তবকপুর এলাকায় এএসআই হিরো কামালের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়িতে গাঁজা সেবনরত অবস্থায় গাঁজার পুড়িয়া ও সরঞ্জামসহ আলমগীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আসামিকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, “আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত মোতাবেক পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”
এনআই