ভোলায় পাচারকালে ৪টি ট্রাক ভর্তি প্রায় ১ হাজার ৪২০ বস্তা সরকারি টিএসপি সার জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে ভোলার ইলিশা ফেরিঘাটে কুসুম কলি ও সুফিয়া কামাল নামের দুটি ফেরি থেকে এই সার জব্দ করা হয়। এ সময় একটি ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. বশির আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ভোলা থেকে চারটি ট্রাকে করে মোট ৭১ টন সরকারি টিএসপি সার ইলিশাঘাট দিয়ে ফেরিযোগে লক্ষ্মীপুরে পাচার করা হচ্ছে। পরে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১ হাজার ৪২০ বস্তা সারসহ ৪টি ট্রাক জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। অভিযানের সময় মো. আরমান নামে এক ট্রাকচালককে আটক করা হলেও বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটক ট্রাকচালক আরমান জানান, জনৈক এক ব্যক্তি ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বাফার গুদাম থেকে সার বোঝাই করার জন্য ৪টি ট্রাক ভাড়া করেন। সারগুলো লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটে নিয়ে যাওয়ার কথা ছিল এবং সেখানে পৌঁছানোর পর পরবর্তী গন্তব্য জানানোর কথা ছিল। তবে কে ট্রাকগুলো ভাড়া করেছেন, সে বিষয়টি কৌশলে এড়িয়ে যান চালক আরমান।
এ বিষয়ে ভোলার বিএডিসি’র (BADC) ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ জানান, নিয়ম অনুযায়ী সারগুলো বরগুনায় যাওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো কেন লক্ষ্মীপুরের দিকে রওনা হয়েছে, সে বিষয়ে তাঁর জানা নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানায়, সরকারি সম্পদ পাচারের এই চক্রের মূল হোতাদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
এনআই