ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজার এলাকায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মেদিলা বাজার এলাকায় পরিচালিত অভিযানে ‘জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪(১) বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে অর্থ বিতরণ করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে এই অর্থদণ্ড আরোপ করা হয়।
আদালত পরিচালনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. বি. এম. কাউসার জামান।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভোটারদের মাঝে অর্থ বা উপহার বিতরণ করে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনের আগে প্রশাসনের এমন তৎপরতা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এনআই