ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার পক্ষে কৃষকদের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর বাজারে খাদেমসি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক অংশ নেন। তারা কৃষি খাতে বিদ্যমান সংকট, সার-বীজের মূল্য বৃদ্ধি, সেচ ব্যবস্থার সমস্যা, ন্যায্যমূল্য না পাওয়া এবং প্রণোদনা বঞ্চনার বিষয়গুলো তুলে ধরেন। কৃষকদের দাবিদাওয়া শুনে বক্তারা বলেন, দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে—কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম এ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বর্তমান সময়ে কৃষকরা নানামুখী সংকটে জর্জরিত। উৎপাদন খরচ বাড়লেও ফসলের ন্যায্যমূল্য মিলছে না। কৃষকের স্বার্থ রক্ষায় ধানের শীষের বিজয়ের বিকল্প নেই।
কুনিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আশিকুর রহমান বাবুলের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক অলিউর রহমান দর্জি, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এস এম সম্রাটসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জাহান্দার আলী মিয়া দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে রয়েছেন। কৃষকদের দাবি-দাওয়া সংসদে তুলে ধরতে এবং কৃষিনির্ভর অর্থনীতি শক্তিশালী করতে তাঁকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তারা।
বৈঠক শেষে উপস্থিত কৃষকরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
পিএম