বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে। দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ৪২টি ভোটকেন্দ্রে গড়ে শতকরা ৩৮.৫২% ভোট কাস্টিং হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।
উপজেলার মোট ৮৭,৫৫৪ জন ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৩৩,৭২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সকাল থেকেই পাহাড়ি ও সমতলের মানুষের উপস্থিতিতে কেন্দ্রগুলো মুখর ছিল। লামা সরকারি উচ্চ বিদ্যালয়, গজালিয়া উচ্চ বিদ্যালয়,অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইয়াংছাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে দুর্গম কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
লামা উপজেলার ৪২টি কেন্দ্রের মধ্যে গজালিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ কাস্টিং (৫৯%) লক্ষ্য করা গেছে। তবে কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি দুপুরের দিকে কিছুটা ধীরগতিতে এগোলেও সার্বিক পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ভোটগ্রহণ চলছে। প্রিজাইডিং অফিসারদের তথ্যমতে, বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআর