ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া (২০) নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।দণ্ডপ্রাপ্ত ইমরান মিয়া উপজেলার পিপলাকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ইমরান মিয়া অন্য একজনের পরিচয়ে ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন। পরে কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে প্রিসাইডিং অফিসারের কক্ষে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে বিচারিক আদালতের প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি জাল ভোট দেওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দেওয়ার অপরাধে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট স্বাগত সৌম্য এ কারাদণ্ড প্রদান করেন।
এসআর