গাজীপুর–১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়।
সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী–পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারদের সারি চোখে পড়ে। অনেকে পরিবার–পরিজন নিয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন ঘিরে কেন্দ্রগুলোর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল জোরদার রাখা হয়। প্রশাসনের নজরদারির মধ্যে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হয়।
দু–একটি কেন্দ্রে সামান্য উত্তেজনার খবর পাওয়া গেলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
ধানের শীষ প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান সকালে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “মানুষ নির্ভয়ে ভোট দিচ্ছেন। পরিবেশ সন্তোষজনক। আশা করি জনগণ তাঁদের মতামত ব্যালটের মাধ্যমে প্রকাশ করবেন।”
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ আলম বকসি বলিয়াদী স্কুল কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, “এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছি।”
দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনার প্রস্তুতি নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
ইখা