সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে জাটকা শিকারের অপরাধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন— চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল মাসুদ, চৌহালী মৎস্য দপ্তরের সিনিয়র ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফিক এবং এনায়েতপুর থানার এএসআই মো. সবুজ মিয়াসহ পুলিশের একটি চৌকস দল।
মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার দিনব্যাপী যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪ কেজি জাটকা ইলিশসহ প্রায় ৯ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো এতিম শিশুদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
এনআই