যশোরের শার্শা উপজেলায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন নাভারন এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্হানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে, তিনি জানতে পেরেছেন নামাজ পড়ে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্হা করা হচ্ছে।
এসআর