ময়মনসিংহের ত্রিশালে সিএনজিচালিত অটোরিকশার চাঁদা বৃদ্ধির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালকরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ত্রিশাল পৌর সভার ৭ নম্বর ওয়ার্ডের ইভা ফিলিং স্টেশন এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। মাত্র ১০ মিনিটের এই আকস্মিক অবরোধে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে চালকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ১০টা ৩৫ মিনিটের দিকে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
আন্দোলনরত চালকদের দাবি, ইতিপূর্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট এলাকায় ত্রিশাল-ময়মনসিংহ রুটের অটোরিকশা প্রতি ২০-৩০ টাকা করে চাঁদা নেওয়া হতো। কিন্তু রোববার সকাল থেকে হঠাৎ করেই সেই চাঁদা বাড়িয়ে ৭০ টাকা করা হয়। এছাড়া মাসিক ১ হাজার টাকা নতুন করে কার্যকর করার ঘোষণা দেওয়া হয়।
চালকরা আরও জানান, ময়মনসিংহ সদর শ্রমিক নেতা দুকুলের নেতৃত্বে মোঃ রফিক ও মোঃ মদন দীর্ঘদিন ধরে এই টাকা সংগ্রহ করে আসছেন। হঠাৎ অস্বাভাবিক হারে এই 'জোরপূর্বক চাঁদা' বৃদ্ধির প্রতিবাদেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, "সিএনজি চালকদের সাথে কথা বলে তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করে অবরোধ প্রত্যাহার করেন।
এসআর