ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও পঞ্চগড়ের দেবীগঞ্জে এখনো সরানো হয়নি প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন। শহরের বিভিন্ন সড়ক, বিদ্যুতের খুঁটি, গাছ ও দেয়ালে ঝুলতে থাকা এসব প্রচারসামগ্রী নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, এতে যেমন শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত অসংখ্য পোস্টার এখনো টাঙানো রয়েছে। আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা বড় আকারের বিলবোর্ডও অপসারণ করা হয়নি।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচারসামগ্রী সরিয়ে ফেলার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও বাস্তবে তার প্রতিফলন চোখে পড়েনি। নিয়ম অনুযায়ী প্রার্থীরা নিজ উদ্যোগে এসব সামগ্রী সরিয়ে না নিলে পৌরসভা কর্তৃপক্ষ পরিচ্ছন্নতার স্বার্থে তা অপসারণ করতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি।
এ প্রসঙ্গে সুজনের দেবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, নির্বাচন শেষ হলেও এখনো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার ও ব্যানার ঝুলতে দেখা যাচ্ছে। এতে সৌন্দর্যহানি যেমন হচ্ছে, তেমনি পরিবেশের ওপরও প্রভাব পড়ছে। নির্বাচন-পরবর্তী সময়ে আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন না হলে আইন মানার সংস্কৃতি দুর্বল হয়ে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
পিএম