পাবনা-৪ আসনের(ঈশ্বরদী-আটঘরিয়া) স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর নির্বাচনী প্রচারনায় যুক্ত থাকার অভিযোগে ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়কসহ ৬ যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার(২ ফেব্রুয়ারী) সন্ধার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারনায় অংশ নেওয়াই ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়কসহ ৬ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন- ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, মোঃ আক্তারুজ্জামান রাজু, মোঃ এনামূল হক আতিয়ার, মোঃ মাহমুদ হাসান সোনামনি ও উপজেলা যুবদল সদস্য মোঃ মতিউর রহমান।
বাংলাদশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়নের নির্দেশে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দলীয় ও স্থানীয় সূত্র জানা গেছে, বহিষ্কৃত নেতারা শুরু থেকেই স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর নির্বাচনি প্রচারণায় সক্রিয় ছিলেন। তারা সরাসরি ধানের শীষের বিরুদ্ধে স্লোগান দিয়ে দলকে বিতর্কিত করার অপপ্রয়াস চালিয়ে আসছিল।
এ ব্যাপারে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি বলেন, দল থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে যার ফলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করেছে।
এসআর