সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চলা কর্মসূচিতে ভাঙ্গুড়া পৌর কর্মচারী সংসদসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
কর্মসূচীতে বক্তারা বলেন, ‘সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে-স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ‘এক দফা এক দাবি’ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় তারা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্বের কারণে একই ধরনের দায়িত্ব পালন করেও ভিন্ন বেতন কাঠামোর মুখে পড়তে হচ্ছে, যা বৈষম্য আরোও স্পষ্ট করে তুলছে।’
তিন ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল আউয়াল, ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, সরকারি চতুর্থ শ্রেণী কর্মচারী ঐক্য পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মো. আছাদুল ইসলাম, সাধারণ মো. আরিফুল ইসলাম ও সাংগঠনিক মো. শহীদুল ইসলাম।
এ সময় ভাঙ্গুড়া উপজেলা, ভাঙ্গুড়া পৌরসভাসহ বিভিন্ন সরকারি দপ্তরের শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ইখা