সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকাসহ গুরুত্বপূর্ণ নির্বাচনী অঞ্চলে স্থল ও জলপথে ১০০ প্লাটুন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১০০ প্লাটুনের প্রায় ৩ হাজার ৫০০ কোস্ট গার্ড সদস্য উপকূলীয়, নদীবেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে দায়িত্ব পালন করছেন।”
প্রেস ব্রিফিংয়ে মহাপরিচালক আরও বলেন, মোতায়েনকৃত প্লাটুনগুলো স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল ও পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
বিশেষ করে ভোলা জেলার চরাঞ্চল ও নদী বিচ্ছিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোতে কোস্ট গার্ড সদস্যরা বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ ও নিয়মিত টহল জোরদার করেছে। পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনকালীন যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা রোধে কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এ সময় ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনআই