জীবননগর উপজেলার উথলী বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পাট বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীর প্রায় সাড়ে ১৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উথলী বাজারের কলিমউদ্দিনের গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালকের বুদ্ধিমত্তা ও স্থানীয়দের প্রচেষ্টায় বড় দূর্ঘটনা থেকে রক্ষা পাই আশপাশের ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সোমবার দুপুর ১২ টার দিকে শ্রমিকরা গোডাউন থেকে ট্রাকে পাট উঠাচ্ছিলো। এসময় অসাবধানতা বসত পাটের একটি আটি বৈদ্যুতিক সাইড লাইনের তারে লেগে মেইন তারে স্পর্শ করে। এতে মূহুর্তের মধ্যে ট্রাকের উপরে থাকা পাটে আগুন ধরে যায়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ে।
সেই অবস্থায় চালক ট্রাকটি চালিয়ে ফাঁকা স্থানে নিয় আসে। স্থানীয় ব্যবসায়ী ও সেনেরহুদা গ্রামের যুব সমাজের উদ্যোগে ১ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ও ট্রাকে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো।
ফায়ারসার্ভিসের কর্মিদের আসার পূর্বেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গোডাউনের মালিক কলিম উদ্দিন বলেন, ট্রাকে পাট লোড করার সময় দূর্ঘটনাবসত অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
সবার প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও পাটগুলো পুড়ে শেষ হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীর সাড়ে ১৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, ইউপি সদস্য আরমান আলীসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু বলেন, আগুনে ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এসআর