আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে কুমিল্লার মেঘনা উপজেলায় ফিটনেসবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা এলাকার কদমতলা বাসস্ট্যান্ডে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মেঘনা থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৬৬ ধারার আওতায় প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় চারজন মোটরসাইকেল চালককে দণ্ডিত করা হয়। মামলার শুনানি শেষে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক বলেন, “সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
এনআই