পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত ৭১, পাবনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের সমর্থনে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর শহরের আলহাজ্ব টেক্সটাইল মিলস স্কুল মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়।
গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলহাজ্ব স্কুল মাঠে এসে শেষ হয়। আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে গণমিছিল ও পথসভা শুরু হওয়ার আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
বক্তব্যে তিনি বলেন, “আজকের এই গণমিছিলটি ঈশ্বরদীর ইতিহাসে স্মরণকালের সর্বোচ্চ উপস্থিতির গণমিছিল। এ মিছিলে জনগণের এমন উপস্থিতি বারবার প্রমাণ করছে দাঁড়িপাল্লার স্থান তাদের হৃদয়ে। সবাই একসুরে স্লোগান দিচ্ছে— ‘সব দল দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ’। দাঁড়িপাল্লা বিজয়ী হলে সমৃদ্ধিশালী দেশ গড়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক ও সামাজিক দেশ গড়তে ঐক্যবদ্ধ রয়েছে। আগামী ১২ তারিখ বিপুল ভোটে দাঁড়িপাল্লা জয়লাভ করবে, ইনশাআল্লাহ।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও আসন পরিচালক মাওলানা জহুরুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম সোহেল, তালিমুল কুরআন একাডেমি জেলা কমিটির সেক্রেটারি গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা ওলামা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা রফিউদ্দিন খানসহ আরও অনেকে।
আয়োজিত গণমিছিল ও পথসভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুল ইসলাম।
এনআই