কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী এবং কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি সবসময়ই গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাস করে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে গৌরীপুর মুন্সি ফজলুল রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “বিএনপি কখনোই বন্দুকের নল কিংবা অবৈধ ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে না। জনগণের ভোটেই ক্ষমতার বৈধতা আসে—এটাই বিএনপির রাজনীতির মূল দর্শন।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। এ দলের রাজনীতি জনগণকে সঙ্গে নিয়েই পরিচালিত হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং আহ্বায়ক এম. এ. লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এফএস