আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার-প্রচারণার শেষ দিনে বরিশালে প্রধান দলগুলোর প্রার্থীরা ব্যাপক শোডাউন, সমাবেশ ও গণমিছিল করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রচারণার শেষ মুহূর্তে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের প্রার্থীরা পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন।
এরই অংশ হিসেবে দুপুরে বরিশাল নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ ও গণমিছিল করে জেলা ও মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি গণমিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাবেশে মজিবর রহমান সরোয়ার বলেন, “শোককে শক্তিতে রূপান্তর করে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
এদিকে, বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে একটি বিশাল গণমিছিল বের করেন। মিছিলটি গৌরনদী বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে, বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে নির্বাচনী জনসভা করেন। সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। এ সময় ফয়জুল করীম বরিশালকে চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর-৫ আসনে প্রার্থীর সংখ্যা ৫ জন।
বরিশাল-২: বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে দুই প্রার্থীর সরে দাঁড়ানো
বরিশাল ব্যুরো: বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাসদ ও এনপিপির দুই প্রার্থী। সোমবার বিকেলে সংবাদ সম্মেলন ও উঠান বৈঠকের মাধ্যমে তাঁরা এই ঘোষণা দেন।
প্রার্থিতা প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— বাংলাদেশ জাসদ মনোনীত গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘মোটরগাড়ি’ প্রতীকের আবুল কালাম আজাদ এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত সাহেব আলী।
জাসদ প্রার্থীর পক্ষে রোববার দুপুরে উজিরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. করিম খান। লিখিত বক্তব্যে তিনি জানান, প্রার্থী আবুল কালাম আজাদ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একই সাথে তিনি জাসদের নেতাকর্মী ও ভোটারদের ধানের শীষের প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
অপরদিকে, বিকেলে বানারীপাড়া হাইস্কুল মাঠে বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর উঠান বৈঠকে অংশ নিয়ে তাঁকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এনপিপি প্রার্থী সাহেব আলী।
এ বিষয়ে বিএনপি প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “দেশ গঠনে বিএনপির কোনো বিকল্প নেই। যাঁরা সমর্থন দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এনআই