লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনের ৪৯৬টি কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সামগ্রী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্ণিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি উপজেলায় নির্ধারিত কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের মাঝে ব্যালট বাক্স, ব্যালট পেপার, ভোটার তালিকা, সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়।
নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর সহ পাঁচটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠু করার লক্ষ্যে সহিংসতারোধে লক্ষ্মীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। কোন ভয়ভীতি ছাড়াই ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে। এরঅংশ হিসেবে পৌরশহরসহ জেলার বিভিন্নস্থানে সেনা, নৌ, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর চারটি আসনে মোট ৪৯৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯৫৬। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৪৭ হাজার ২৯১ ও নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৬৫৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ জন। জেলায় তরুণ ভোটার রয়েছেন ৭ লাখ ৩৪ হাজার ১৬৩ জন।
এসআর