কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দৌলতপুর উপজেলার পোল্ট্রিমোড় চর নামক এলাকা দিয়ে অস্ত্র পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এলাকাটি বিজিবি বেইজ ক্যাম্প থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার এবং সীমান্ত শূন্য রেখা থেকে ৪ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১টি দেশীয় শুটার গান উদ্ধার করা হয়।
এছাড়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বড় রামদা, ৫টি ছোট রামদা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরি। অভিযান চলাকালে বিজিবির ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো দৌলতপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অধিনায়ক আরও জানান, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) মোট ১৩ জন আসামিসহ ৮টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি ও ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
এনআই