জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণকালে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর তিন কর্মীকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকার জহুরুল ইসলামের নাম জানা গেলেও বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একটি মাইক্রোবাসযোগে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও চরগোলাবাড়ী এলাকায় ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চরগোলাবাড়ী এলাকায় তাদের আটক করেন। পরে সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আটককৃতদের কয়ড়া বাজারে নিয়ে আসা হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এনআই