রাজশাহীর পুঠিয়া উপজেলায় আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ও সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগকারী আলাউদ্দিন মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক৷
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাধারণ এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে রাস্তাঘাটে হুমকি দিচ্ছেন। এমনকি ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার জন্য তারা সুপরিকল্পিতভাবে তৎপরতা চালাচ্ছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, “এ ধরনের কর্মকাণ্ড একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বড় বাধা এবং এতে সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে।” এই অবস্থায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, “লিখিত অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।”
তবে এই অভিযোগের বিষয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এনআই