এইমাত্র
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • রমজানে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত
  • উচ্ছেদ হওয়া জমিতে ফের দখল, ১৫ দপ্তরে বিআইডব্লিউটিএর চিঠি
  • ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
  • দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

    ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

    কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ঐতিহ্যবাহী জমিদারবাড়ির শিবমন্দিরে শিব চতুর্দশী ব্রত উপলক্ষে হাজারো ভক্তের সমাগম হয়েছে। দুই দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে পূজা-অর্চনা, ভজন সংগীত ও নানা আনুষ্ঠানিকতায় উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।


    রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার পর তিথি অনুযায়ী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের ভিড় বাড়তে থাকে। রাত সাড়ে ১২টা পর্যন্ত নারী ভক্তরা শিবমন্দিরে দুধ, কলা ও প্রদীপ জ্বালিয়ে স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। পাশাপাশি বহু কুমারী মেয়ে ভালো জীবনসঙ্গী লাভের আশায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।


    সোমবার সকাল থেকে পুনরায় পূজা-অর্চনা শুরু হয়। দিনভর শতশত নারী-পুরুষ ও কুমারী মেয়ের উপস্থিতিতে জমিদারবাড়ির মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। ভক্তরা দুধ, ফল, চিনি ও আগরবাতি নিয়ে শিবের আরাধনা করেন। আয়োজক কমিটির উদ্যোগে রাতে ভজন সংগীতের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ব্রত পালনের সমাপ্তি ঘটে।


    মন্দির কমিটির সদস্যরা জানান, বাংলা বর্ষপঞ্জির ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি হিসেবে পালিত হয়। এদিন উপবাস, স্নান ও বিশেষ পূজা-অর্চনার মধ্য দিয়ে ভক্তরা শিবের কাছে প্রার্থনা করেন।


    ফুলবাড়ী উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নাওডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই ঐতিহ্যবাহী শিবমন্দিরটি অবিভক্ত ভারতবর্ষের সময় নাওডাঙ্গা পরগনার জমিদার বাহাদুর শ্রীযুক্ত বাবু প্রমদা রঞ্জন বক্সী নির্মাণ করেন। আট দেয়ালবিশিষ্ট মন্দিরটির উচ্চতা প্রায় ৩০ ফুট এবং ভেতরের ব্যাস ১২ ফুট। জমিদারি আমলে এখানে জাঁকজমকপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হতো বলে জানা যায়।


    স্থানীয় কুমারী মেয়ে প্রজ্ঞা রায় ও স্মৃতি রায় বলেন, “শিবের কাছে মনের ইচ্ছা প্রকাশ করলে তা পূরণ হয়—এই বিশ্বাস থেকেই আমরা প্রার্থনা করতে এসেছি।” অসীম চন্দ্র রায় বলেন, “পরিবারের সুখ-শান্তি ও কল্যাণ কামনায় শিবের আরাধনা করেছি।”


    নাওডাঙ্গা জমিদারবাড়ি শিবমন্দির উদযাপন কমিটির সভাপতি সৌরেন্দ্র চন্দ্র গোস্বামী (পল্টু) বলেন, “প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে শিব চতুর্দশী ব্রত পালিত হয়েছে। শতশত নারী ও কুমারী মেয়েরা শিবের মাথায় দুধ ও ফুল অর্পণ করে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করেছেন।”


    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী শাখার সভাপতি সুনীল চন্দ্র রায় জানান, নাওডাঙ্গা জমিদারবাড়ির শিবমন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দিরে শান্তিপূর্ণ পরিবেশে শিব চতুর্দশী ব্রত পালিত হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…