পবিত্র রমজান মাস এলেই অধিকাংশ ব্যবসায়ী যেখানে নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামেন, সেখানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে টানা পাঁচ বছর ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে জেসি এগ্রো ফার্ম। এবারও রমজান মাসজুড়ে মাত্র ১০ টাকা লিটার দরে খাঁটি গরুর দুধ বিক্রি শুরু করেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের এই খামার।
রমজানের প্রথম দিন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে খামারে আনুষ্ঠানিকভাবে দুধ বিক্রির কার্যক্রম শুরু হয়। পুরো মাসজুড়ে প্রতিদিন সাধারণ মানুষের জন্য ১০ টাকা লিটারে দুধ বিক্রি করা হবে। তবে একজন ব্যক্তি সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।
খামার কর্তৃপক্ষ জানায়, এবার মোট তিন হাজার লিটার দুধ নামমাত্র মূল্যে বিক্রি করা হবে।
জানা গেছে, পাঁচ বছর আগে করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামে জেসি এগ্রো ফার্ম প্রতিষ্ঠিত হয়। খামারে বর্তমানে দেড় শতাধিক গরু রয়েছে। এর মধ্যে ১৮টি গরু দুধ দিচ্ছে। প্রতিদিন সকাল-বিকাল মিলিয়ে উৎপাদন হচ্ছে প্রায় ৮০ থেকে ৯০ লিটার দুধ।
খামারের ব্যবস্থাপক হোসেন মোহাম্মদ রিয়াদ জানান, বাজারে যেখানে দুধের দাম ৯০ থেকে ১০০ টাকা লিটার, সেখানে দরিদ্র মানুষের পক্ষে চড়া দামে দুধ কেনা সম্ভব নয়। তাই রমজান মাসে নামমাত্র মূল্যে দুধ বিক্রি করা হচ্ছে।
তিনি বলেন, “প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা নেওয়া হচ্ছে। তবে কারও কাছে টাকা না থাকলেও তাকে ফিরিয়ে দেওয়া হয় না।”
বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, এলাকার দরিদ্র মানুষ প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, জগ-মগসহ নানা পাত্র নিয়ে দুধ সংগ্রহের জন্য অপেক্ষা করছেন।
দুধ নিতে আসা নাহিরাজপাড়া গ্রামের কামাল হোসেন বলেন, “গত পাঁচ বছর ধরে রোজার সময় এখান থেকে ১০ টাকা দরে দুধ নিচ্ছি। বাজার থেকে ১০০ টাকা দিয়ে দুধ কেনা আমাদের মতো গরিব মানুষের পক্ষে সম্ভব না।”
দেওপুর গ্রামের কৃষক মোস্তফা কামাল বলেন, “রমজানে সব কিছুর দাম বাড়ে। দুধও ১০০ টাকা লিটার। জেসি এগ্রো ফার্মের এই উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায়তা।”
রৌহা গ্রামের গৃহবধূ নূর আগুরা আক্তার বলেন, “১০ টাকা লিটারে দুধ কিনতে পারছি বলেই আমরা রোজায় দুধ খেতে পারছি।”
দিনমজুর কামরুল ইসলাম বলেন, “রমজানে দুধের চাহিদা বেশি থাকে, দামও বেশি। কিন্তু এই খামারের কারণে আমাদের বাড়তি চাপ থাকে না। আমরা এলাকাবাসী গর্ব করি।”
খামার কর্তৃপক্ষ জানায়, জেসি এগ্রো ফার্ম একটি মানবকল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে হতদরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহযোগিতা করে আসছে।
উল্লেখ্য, ২০২৩ সালে দুধ ও মাংস উৎপাদনে অবদানের জন্য ‘ডেইরি আইকন’ সম্মাননা পেয়েছিল জেসি এগ্রো ফার্ম।
ইখা