চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে জীবননগর উপজেলার ৫নং হাসাদহ ইউনিয়নের পুরোন্দপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- জীবননগর উপজেলার পুরোন্দপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), রাঙামাটি জেলার শুভলং থানার পাগলা সূরা গ্রামের সৈমাংপু চাকমার ছেলে রিপন চাকমা (৩২) ও মং পূজাইনের ছেলে মং চাকমা (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরোন্দপুর এলাকায় অবস্থানরত মাদক ব্যবসায়ীদের টার্গেট করে এ অভিযান চালানো হয়।
তল্লাশির সময় তিনজনের দেহ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে জীবননগর থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ধটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআর