অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এই মেলার উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই মেলার দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।বাংলা একাডেমি আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’।
আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এবারের বইমেলা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। তবে ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকেই দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার স্বার্থে রাত সাড়ে ৮টার পর মেলায় নতুন করে প্রবেশ বন্ধ রাখা হবে।
এ বছর মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। সব মিলিয়ে মোট ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮টি।
সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় সাজানো হয়েছে ‘লিটল ম্যাগাজিন চত্বর’, যেখানে ৮৭টি স্টল স্থান পেয়েছে। শিশুদের জন্য বরাবরের মতোই থাকছে বিশেষ আয়োজন। শিশু চত্বরে মোট ৬৩টি প্রতিষ্ঠানকে স্টল দেয়া হয়েছে। এ ছাড়া প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুদের জন্য থাকবে বিশেষ ‘শিশুপ্রহর’।
মেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে প্রতিদিন বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বিষয়ভিত্তিক সেমিনার। এরপর বিকেল ৪টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বইমেলাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মেলা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এইচএ