ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ আসনের একটি কেন্দ্রে লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে আনোয়ারা উপজেলার বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে তাৎক্ষণিকভাবে পুনরায় সিসি ক্যামেরা স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ক্যামেরা না দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া যায় যে, রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে ক্যামেরাগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ—নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই সিসি ক্যামেরা সরানোর এ ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনার পর আনোয়ারা থানার পুলিশ সন্দেহভাজন স্থানীয় তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন বৈরাগ ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “ভোটকেন্দ্রে বসানো দুটি সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনায় সন্দেহজনক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে একই স্থানে পুনরায় আরও দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “দুপুরেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আটককৃতদের নথিপত্র (ডকুমেন্টস) রাখা হয়েছে। তবে চুরি হওয়া সিসিটিভিগুলো এখনও উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, টান দিয়ে সেগুলো খুলে ফেলা হয়েছে।”
উল্লেখ্য, চট্টগ্রাম–১৩ আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাওলানা মাহমুদুল হাসান। এ ছাড়া আসনটিতে ভোটের মাঠে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মোহাম্মদ এমরান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এস এম শাহজাহান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মু. রেজাউল মোস্তফা, খেলাফত মজলিসের মোহাম্মদ ইমরান ও জাতীয় পার্টির আবদুর রব চৌধুরী।
এনআই