নওগাঁর ধামইরহাটে কুকুর জবাই করে ‘খাসির মাংস’ হিসেবে বিক্রির প্রধান অভিযুক্ত কসাই এনতাজুলকে (৫৫) আটক করেছে জনতা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নানাইচ এলাকায় তাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। আটক এনতাজুল মঙ্গলবাড়ী বাজার এলাকার অলি শাহর ছেলে।
এর আগে গত রবিবার সকালে মঙ্গলবাড়ী এলাকার মাংস বিক্রেতা এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে একটি আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন। পরে কুকুরের মাংস খাসির মাংস হিসেবে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন তারা। বিষয়টি জানাজানি হলে মাংস ফেলে রেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ওই দিনই থানা-পুলিশ ঘটনাস্থল থেকে কুকুরের মাথা, চামড়া ও প্রায় ২৫ কেজি মাংস উদ্ধার করে।
ধামইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল হোসেন জানান, উত্তেজিত জনগণের হাত থেকে এনতাজুলকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনআই