মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার শ্রীনগর বাজারের বিভিন্ন মুদি ও ফলের দোকানে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মূল্য তালিকা ও পণ্য ক্রয়ের রশিদ যাচাই করা হয়। এ সময় বাচ্চু ফল ভান্ডারে মূল্য তালিকা প্রদর্শন না করায় মালিক মো. বাচ্চু মিয়াকে ২ হাজার টাকা, রাকিব স্টোরে একই অপরাধে দোকানের মালিক সাকিব হোসেনকে ২ হাজার টাকা এবং সোনা মিয়া স্টোরে মুদি দোকানে জর্দার রঙের নামে ক্ষতিকর নন-ফুড গ্রেড টেক্সটাইল রঙ বিক্রি করার দায়ে মালিক আব্দুল হাইকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশ-এর একটি দল।
এ বিষয়ে সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এসআর