দফায় দফায় সংঘর্ষে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া রণক্ষেত্রে পরিণত হয়েছে। টানা কয়েক ঘণ্টার সংঘর্ষের পর এ বিষয়ে লিখিত সংবাদ বিজ্ঞপ্তি (প্রেস রিলিজ) দিয়েছে হাতিয়া উপজেলা বিএনপি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে হাতিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্যের উসকানিতে হাতিয়ার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজারে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ১১-দলীয় জোটের নেতাকর্মীরা। আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকল্প বাজারে বিএনপির কার্যালয়, কয়েকটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করে।
দুপুর ১২টা থেকে চলা প্রায় তিন ঘণ্টাব্যাপী এই তাণ্ডবে হান্নান ও তাঁর বাহিনীর হামলায় নারীসহ অন্তত ৩০ জন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী হাতিয়া ও লক্ষ্মীপুর সীমান্তের টাংকির ঘাটসহ বিভিন্ন এলাকা থেকে সকালে পিকআপ ও গাড়িযোগে অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে চানন্দীতে যান হান্নান। পরে তিনি প্রকল্প বাজারে গিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ দলটির নেতাকর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। একপর্যায়ে হান্নান উসকানিমূলক বক্তব্য দিয়ে তাঁর নেতাকর্মীদের ক্ষিপ্ত করে তোলেন। বক্তব্য শেষ হওয়ার পরপরই বাজারে উঠে এসে তাণ্ডব চালানো শুরু করেন অনুসারীরা। তারা ব্যাপক ভাঙচুর ও লোকজনকে এলোপাতাড়ি মারধর করে। এমন পরিস্থিতিতে স্থানীয় বিএনপির লোকজন এগিয়ে গেলে হান্নানের বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁদেরও পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এত কিছুর পরও হান্নান প্রকল্প বাজারে অবস্থান নিয়ে আরও সন্ত্রাসী জড়ো করার চেষ্টা করছেন। ঘটনাস্থল ত্যাগ করতে প্রশাসন থেকে তাঁকে বারবার অনুরোধ করলেও তিনি কারও কথা কর্ণপাত করছেন না।
ঘটনার বিষয়ে চানন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান বলেন, "প্রকল্পে মাসউদ উশৃঙ্খল বক্তব্য প্রদান করেন। তাঁর এমন বক্তব্যের পর দলের নেতাকর্মীরা বাজারে উঠে প্রথমে বিএনপির অফিস ভাঙচুর করে। পরে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল ভাঙচুর শুরু করলে স্থানীয় লোকজন প্রতিরোধের চেষ্টা করে।
এ সময় হান্নানের লোকজন স্থানীয়দের মারধর শুরু করলে বিএনপির কয়েকজন নেতাকর্মী এগিয়ে গিয়ে তা প্রতিরোধের চেষ্টা করে হামলার শিকার হন। আমাদের কর্মী হেলালসহ অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এখনও হান্নান নিজে বাজারের পাশে অবস্থান নিয়ে বহিরাগত সন্ত্রাসীদের উসকে দিচ্ছেন।"
প্রেস রিলিজে এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এনআই